ক্রিকেট


স্বপ্ন থেকে লজ্জা: বিশ্বের ‘সবচেয়ে বাজে’ ফ্র্যাঞ্চাইজি লিগের তলানিতে বিপিএল


সহ-সম্পাদক

শাহারিয়া নয়ন

প্রকাশিত:২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার

স্বপ্ন থেকে লজ্জা: বিশ্বের ‘সবচেয়ে বাজে’ ফ্র্যাঞ্চাইজি লিগের তলানিতে বিপিএল

ছবি: সংগৃহীত


একসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নামটা শুনলেই চোখে ভেসে উঠত স্বপ্ন, গর্ব আর আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নেওয়ার আশা। দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে নতুনভাবে তুলে ধরার যে সুযোগটা বিপিএল এনে দিয়েছিল, সেটাই ছিল আমাদের বড় শক্তি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন যেন ফিকে হতে হতে এবার রীতিমতো বিব্রতকর বাস্তবতায় রূপ নিল।

 

বিশ্ব ক্রিকেটে বিপিএল এবার পেল এক লজ্জার তকমা। ব্রিটিশ ক্রিকেটভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন দ্য ক্রিকেটার বিশ্বের আইসিসি স্বীকৃত ১০টি ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে বিপিএলের অবস্থান একেবারে শেষ দশম। অর্থাৎ, তাদের চোখে এই মুহূর্তে বিপিএলই বিশ্বের সবচেয়ে বাজে ফ্র্যাঞ্চাইজি লিগ।

 

এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে চারটি গুরুত্বপূর্ণ মানদণ্ডের ওপর বিনোদনমূল্য, খেলার মান, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। দুঃখজনক হলেও সত্য, এই চারটির মধ্যে তিনটি ক্যাটাগরিতেই বিপিএল পেয়েছে সর্বনিম্ন নম্বর। শুধু গ্রহণযোগ্যতা বা স্থায়িত্বের দিক থেকে বিপিএলের চেয়ে এক ধাপ নিচে আছে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি, তবে সামগ্রিকভাবে বিপিএলই রয়েছে তালিকার একেবারে তলানিতে।

 

সবচেয়ে বিব্রতকর দিক হলো ক্রিকেটের মান ও জনপ্রিয়তার বিচারে বিপিএলের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার এলপিএল, এমনকি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও। যেখানে আইপিএল, বিগ ব্যাশ, এসএ টি–টোয়েন্টি কিংবা দ্য হানড্রেড নিয়মিত শীর্ষ সারিতে জায়গা করে নিচ্ছে, সেখানে বিপিএল পড়ে আছে একেবারে শেষ প্রান্তে।

 

দ্য ক্রিকেটার ম্যাগাজিন সরাসরি আঙুল তুলেছে আর্থিক অনিয়ম ও দুর্নীতির দিকে। তাদের ভাষায়, “তালিকার একেবারে নিচে থাকা এলপিএল ও বিপিএল দুটি টুর্নামেন্টই দীর্ঘদিন ধরে আর্থিক দুর্নীতির অভিযোগে জর্জরিত।” এই অভিযোগই নাকি তাদের নিম্ন রেটিংয়ের বড় কারণ।

 

এই মূল্যায়ন শুধু একটি র‍্যাঙ্কিং নয়, বরং বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ব্যবস্থাপনার সামনে রাখা এক কঠোর আয়না। প্রশ্ন এখন একটাই এই লজ্জাজনক অবস্থান থেকে বেরিয়ে আসতে বিপিএল কি সত্যিই কোনো বাস্তব সংস্কারের পথে হাঁটবে? নাকি ‘বিশ্বের সবচেয়ে বাজে লিগ’ তকমাটাই ধীরে ধীরে বিপিএলের স্থায়ী পরিচয় হয়ে যাবে?

 
 

সম্পর্কিত

বিপিএলফ্র্যাঞ্চাইজি লিগ

জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

জাতীয় ক্রিকেটারদের উপস্থিতিতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে জমজমাট প্লেয়ার্স ড্রাফট

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

‘চাঁপাই এক্সপ্রেস’ নাহিদ রানা: গতি, আগ্রাসন আর সম্ভাবনায় মুগ্ধ সাবেকরা

দ্রুতগতির আগুনঝরা বোলিং—যে বল ব্যাটারের ডান-বাঁ পাশ ঘেঁষে বাতাস চিরে বেরিয়ে যায়, তাতে যেন থাকে বারুদমাখা উত্তাপ। আর স্টাম্প লক্ষ্য করে ছোড়া ইয়র্কার ডেলিভারিগুলো হয়ে ওঠে ভয়ংকর সুন্দর। এমন পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা।

মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম, লিটনের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ সাইফ হাসান-কে।

সাবেক অধিনায়কদের সম্মাননা: ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন যারা, থাকছে বিশেষ সুবিধা

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ প্রিভিলেজ কার্ড প্রদান করা হয়েছে জাতীয় দলের সাবেক পুরুষ ও নারী অধিনায়কদের।