ক্রিকেট
বিসিবির সেই হারানো পদ ফিরে পেলেন পরিচালক নাজমুল
.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে গত এক সপ্তাহ ধরে ক্রিকেটাঙ্গনে যে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে গেছে, তার আপাতত ইতি টানল বোর্ড। বিসিবির ফাইন্যান্স কমিটি থেকে সাময়িকভাবে বাদ পড়া নাজমুল ইসলাম শেষ পর্যন্ত নিজের অবস্থান ব্যাখ্যা দিয়ে হারানো পদ ফিরে পেয়েছেন।
একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের শুরু। এরপর বিসিবির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় নাজমুলকে। নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে তিনি জবাব দেন। সেই জবাব বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে সন্তোষজনক বলে বিবেচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই গতকাল বোর্ড সভায় সিদ্ধান্ত হয় নাজমুল ইসলাম আবারও ফাইন্যান্স কমিটির দায়িত্বে ফিরবেন।
নিজের পদ ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নাজমুল ইসলাম বলেন, বিসিবিকে দেওয়া তার ব্যাখ্যায় বোর্ড সন্তুষ্ট হয়েছে। এখন থেকে তিনি আবারও অর্থ কমিটির সব কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন।
এই পুরো ঘটনার সূত্রপাত হয় গত ১৪ জানুয়ারি। সেদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না খেললে বিসিবির কোনো আর্থিক ক্ষতি হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররাই। তার ভাষায়, ক্রিকেটাররা ম্যাচ খেললে ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস পান, বোর্ডের লাভ-ক্ষতির বিষয় নেই। এমনকি তিনি প্রশ্ন তোলেন, কোটি কোটি টাকা খরচ করে খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করার পর তারা যদি ভালো না করে, সে টাকা কি বোর্ড ফেরত চায়?
এই মন্তব্য মুহূর্তেই তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। সেদিন রাতেই নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। এর জেরে পরদিন বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হয় এবং রাতের ম্যাচ না খেলায় বিসিবি অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়।
পরিস্থিতি আরও ঘোলাটে হলেও পরে বিসিবি ও কোয়াবের বৈঠকে বদলে যায় দৃশ্যপট। শর্তসাপেক্ষে খেলায় ফেরার ঘোষণা দেন ক্রিকেটাররা। ওই দিনই সকালে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি এবং তাকে ফাইন্যান্স কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।
জনপ্রিয়
ক্রিকেট থেকে আরও পড়ুন
জাতীয় ক্রিকেটারদের উপস্থিতিতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে জমজমাট প্লেয়ার্স ড্রাফট
সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

‘চাঁপাই এক্সপ্রেস’ নাহিদ রানা: গতি, আগ্রাসন আর সম্ভাবনায় মুগ্ধ সাবেকরা
দ্রুতগতির আগুনঝরা বোলিং—যে বল ব্যাটারের ডান-বাঁ পাশ ঘেঁষে বাতাস চিরে বেরিয়ে যায়, তাতে যেন থাকে বারুদমাখা উত্তাপ। আর স্টাম্প লক্ষ্য করে ছোড়া ইয়র্কার ডেলিভারিগুলো হয়ে ওঠে ভয়ংকর সুন্দর। এমন পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা।

মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম, লিটনের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ সাইফ হাসান-কে।

সাবেক অধিনায়কদের সম্মাননা: ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন যারা, থাকছে বিশেষ সুবিধা
বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ প্রিভিলেজ কার্ড প্রদান করা হয়েছে জাতীয় দলের সাবেক পুরুষ ও নারী অধিনায়কদের।









