ক্রিকেট


দাপুটে জয়ে চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার

দাপুটে জয়ে চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে একপ্রকার উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৬৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

 

টস জিতে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় রাজশাহী। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান যোগ করেন ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হন। এরপর কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে বিদায় নেন।

 

একপ্রান্ত আগলে রেখে অনবদ্য ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। ফিফটি পেরিয়ে তিনি তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। এটি ছিল চলতি বিপিএলে তার চতুর্থ শতক এবং বিপিএল ফাইনালে তৃতীয় সেঞ্চুরি। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল। তানজিদের ইনিংসটি থামে ৬২ বলে ১০০ রানে, যেখানে ছিল ছয়টি চার ও সাতটি ছক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান এবং জিমি নিশাম ৭ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী ওয়ারিয়র্স তোলে ১৭৪ রান।

 

চট্টগ্রাম রয়্যালসের পক্ষে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

 

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম। দলীয় ১৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। মোহাম্মদ নাঈম শেখ করেন ৯ রান, আর মাহমুদুল হাসান জয় রানের খাতা খুলতে পারেননি। হাসান নেওয়াজ করেন ৭ বলে ১১ রান।

 

চতুর্থ উইকেটে মির্জা বেগ ও উইকেটরক্ষক ব্যাটার জাহিদুজ্জামান কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। জাহিদুজ্জামান ১৩ বলে ১১ রান করে আউট হন, আর মির্জা বেগ আউট হওয়ার আগে করেন ৩৬ বলে ৩৯ রান। শেষ পর্যন্ত ১১১ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।

 

এর মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতল। এর আগে ২০১৯–২০ মৌসুমে ‘রাজশাহী রয়্যালস’ নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা, দুইবার করে রাজশাহী ও বরিশাল এবং একবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স।


সম্পর্কিত

ক্রিকেটবিপিএলরাজশাহী ওয়ারিয়র্স

জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

জাতীয় ক্রিকেটারদের উপস্থিতিতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে জমজমাট প্লেয়ার্স ড্রাফট

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

‘চাঁপাই এক্সপ্রেস’ নাহিদ রানা: গতি, আগ্রাসন আর সম্ভাবনায় মুগ্ধ সাবেকরা

দ্রুতগতির আগুনঝরা বোলিং—যে বল ব্যাটারের ডান-বাঁ পাশ ঘেঁষে বাতাস চিরে বেরিয়ে যায়, তাতে যেন থাকে বারুদমাখা উত্তাপ। আর স্টাম্প লক্ষ্য করে ছোড়া ইয়র্কার ডেলিভারিগুলো হয়ে ওঠে ভয়ংকর সুন্দর। এমন পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা।

মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম, লিটনের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ সাইফ হাসান-কে।

সাবেক অধিনায়কদের সম্মাননা: ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন যারা, থাকছে বিশেষ সুবিধা

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ প্রিভিলেজ কার্ড প্রদান করা হয়েছে জাতীয় দলের সাবেক পুরুষ ও নারী অধিনায়কদের।