ক্রিকেট
নিরাপত্তা শঙ্কায় ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ, গ্রুপ অদলবদলের প্রস্তাবে আইসিসির সাফ ‘না’
.webp)
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে খেলতে অনিচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা তুলে ধরে ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। সে লক্ষ্যে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের বিষয়টিও উত্থাপন করা হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।
ভারতীয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) জানিয়েছে, আইসিসি তাদের নিশ্চিত করেছে যে, টুর্নামেন্টের বর্তমান সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। ফলে নির্ধারিত গ্রুপ ও ভেন্যুতেই বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তোলে। বৈঠকে বিসিবি জানায়, দল, সমর্থক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সে কারণেই ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিকল্প পথ খোঁজা হচ্ছে।
বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে বিসিবি চেয়েছিল গ্রুপ বদল করে ‘সি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের জায়গায় যেতে, যাতে শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ আয়োজন করা যায়।
বৈঠকের পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ন্যূনতম লজিস্টিক ও যৌক্তিক সমন্বয়ের মাধ্যমে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়েছে।
তবে বিসিবির প্রস্তাবের পর দ্রুতই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির এক কর্মকর্তা বলেন, তারা আইসিসির কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছেন যে, আয়ারল্যান্ডকে নির্ধারিত সূচি ও গ্রুপ থেকে সরানো হবে না। আয়ারল্যান্ড নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।
সব মিলিয়ে বিসিবির গ্রুপ অদলবদলের প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কোনো পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়নি বলেই ধারণা করা হচ্ছে।
সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে থাকা আয়ারল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। তাদের ম্যাচগুলো হবে কলম্বো ও ক্যান্ডিতে। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি।
ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে আইসিসির পক্ষে সশরীরে উপস্থিত ছিলেন সংস্থাটির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ভিসা জটিলতায় ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন।
বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
ক্রিকেট থেকে আরও পড়ুন
পাকিস্তান সিরিজে নেই সাকিব, জাতীয় দলে ফিরবেন কবে?
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনায় সরগরম ক্রিকেট অঙ্গন। ঘরের মাঠে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দলে নেই সাকিবের নাম।

ক্রিকেটারদের নয়, নির্বাচকদের বেশি জবাবদিহির আওতায় আনা উচিত: আমির
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের আরোপিত জরিমানার বিষয়টি দেশটির ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির মন্তব্য করেছেন, খেলোয়াড়দের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত।

বিশ্বকাপে খারাপ খেলায় পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা
টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে খেলোয়াড়দের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা দিতে হবে বলে জানা গেছে।

ভারতকে হারিয়ে কি প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
গতবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের মেয়েদের। যাদের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল, সেই পাকিস্তানকে এবার সেমিফাইনালে হারিয়ে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এখন প্রশ্ন এবার কি শিরোপার খরা কাটবে?
.jpg)

.jpg)






