ক্রিকেট
গ্যালারিতে দর্শক, মাঠে খেলা নেই- ক্রিকেটারদের বয়কটে বিপিএলের ইতিহাসে নজিরবিহীন দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব ও বিব্রতকর পরিস্থিতি। গ্যালারিতে দর্শক উপস্থিত থাকলেও মাঠে নামেননি খেলোয়াড়রা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি ম্যাচ যা বিপিএলের ইতিহাসে এই প্রথম।
সিলেট পর্ব শেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকায় বিপিএলের খেলা শুরু হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যায়, দুই দলের কোনো ক্রিকেটারই মাঠে আসেননি। দর্শকেরা গ্যালারিতে অপেক্ষা করলেও খেলোয়াড়রা অবস্থান করেন নিজ নিজ হোটেলে।
এই অচলাবস্থার পেছনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত ও কড়া মন্তব্য। তাঁর পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না হলে সব ধরনের ক্রিকেট বর্জনের যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করেই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
রাতভর আলোচনা এবং ম্যাচের আগে দফায় দফায় সমঝোতার চেষ্টা চালালেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি বিসিবি। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু এই পরিস্থিতিকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বলেন, আজকের দুটি ম্যাচ আয়োজনের জন্য বিসিবি সর্বোচ্চ চেষ্টা করছে। তবে তিনি স্বীকার করেন, দিনের প্রথম ম্যাচটি সময়মতো শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।
এদিকে, এম নাজমুল ইসলামের পদত্যাগের কোনো ঘোষণা না আসায় ম্যাচ চলার সময়েই ঢাকার হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোয়াব। সেখানে ছয় দলের ক্রিকেটারদের উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংবাদ সম্মেলন শুরু হয়নি।
সব মিলিয়ে খেলোয়াড়দের বয়কট, প্রশাসনিক অচলাবস্থা আর মাঠে খেলা না হওয়ায় বিপিএল পড়েছে গভীর সংকটে। এই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
জনপ্রিয়
ক্রিকেট থেকে আরও পড়ুন
জাতীয় ক্রিকেটারদের উপস্থিতিতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে জমজমাট প্লেয়ার্স ড্রাফট
সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

‘চাঁপাই এক্সপ্রেস’ নাহিদ রানা: গতি, আগ্রাসন আর সম্ভাবনায় মুগ্ধ সাবেকরা
দ্রুতগতির আগুনঝরা বোলিং—যে বল ব্যাটারের ডান-বাঁ পাশ ঘেঁষে বাতাস চিরে বেরিয়ে যায়, তাতে যেন থাকে বারুদমাখা উত্তাপ। আর স্টাম্প লক্ষ্য করে ছোড়া ইয়র্কার ডেলিভারিগুলো হয়ে ওঠে ভয়ংকর সুন্দর। এমন পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা।

মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম, লিটনের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ সাইফ হাসান-কে।

সাবেক অধিনায়কদের সম্মাননা: ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন যারা, থাকছে বিশেষ সুবিধা
বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ প্রিভিলেজ কার্ড প্রদান করা হয়েছে জাতীয় দলের সাবেক পুরুষ ও নারী অধিনায়কদের।









