ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম মো. আলাউদ্দিন শিকদার (৪৭)। তিনি চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ এলাকার সামছল হক মেম্বার বাড়ির মৃত কয়ছর আহম্মেদের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি সকালে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মো. অহিদ (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে যান আলাউদ্দিন শিকদার। তিনি নিজেকে ‘ডা. মো. আলাউদ্দিন শিকদার, এমবিবিএস’ পরিচয় দিয়ে ভুক্তভোগীর বাবা–মায়ের চিকিৎসার কথা বলেন। সম্পূর্ণ সুস্থ করে দেওয়ার আশ্বাস দিয়ে চিকিৎসার বিনিময়ে ২০ হাজার টাকায় চুক্তি করেন তিনি।

citytouch 728-X-90

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, প্রথম দফায় চিকিৎসা বাবদ অভিযুক্ত ১৭ হাজার টাকা নেন। পরে তাঁর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবনের পর রোগীর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হয়ে বরং আরও অবনতি ঘটে। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারটি মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের কাছে প্রেসক্রিপশনটি দেখান। সেখানে চিকিৎসক জানান, রোগের সঙ্গে প্রেসক্রিপশনে উল্লেখ করা ওষুধের কোনো সামঞ্জস্য নেই।

এরপর গত ৪ ফেব্রুয়ারি বিকেলে বাকি টাকা নিতে আবার এলাকায় এলে স্থানীয়দের সন্দেহ আরও জোরালো হয়। একপর্যায়ে এলাকাবাসী অভিযুক্তের কাছে তাঁর চিকিৎসা পেশাসংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো সন্তোষজনক প্রমাণ দেখাতে পারেননি। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে রাত আনুমানিক ১০টার দিকে মনপুরা থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলাউদ্দিন শিকদারকে আটক করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেছেন। এ সময় তাঁর কাছ থেকে চিকিৎসার কাজে ব্যবহৃত তিনটি প্রেসক্রিপশন প্যাড জব্দ করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এমবিবিএস চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভোলা জেলার বিভিন্ন এলাকায় নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।