জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে এক নারী শিক্ষার্থীসহ সঙ্গীত বিভাগের ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তকে গভীর রাতে আটক করার ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন এবং অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই নারী শিক্ষার্থী নিয়মিত তবলা শেখার জন্য ডেমোনস্ট্রেটর দীপংকরের ডরমিটরি কক্ষে যেতেন। ঘটনার রাতে বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে। পরে প্রায় রাত ৩টার দিকে প্রক্টর ড. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ড. মো. জাহিদুল কবীরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে কক্ষে প্রবেশ করেন।

এ সময় ওই ডেমোনস্ট্রেটর ও শিক্ষার্থীর কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়।

citytouch 728-X-90

ঘটনার পর সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করা হয়েছে।

তদন্ত চলাকালীন অভিযুক্ত ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থাও জোরদার করা হবে বলে জানান তিনি।