ফটোগ্রাফিতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ শ্রাবন। ‘রি-আর্থ ইন্টারন্যাশনাল আর্ট প্রাইজ-২০২৫’-এর ফটোগ্রাফি বিভাগে প্রথম স্থান (চ্যাম্পিয়ন) অর্জন করেছেন তিনি।

নিউজিল্যান্ডভিত্তিক The Little Art এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক FANN Media Discovery Platform-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্রাবনের তোলা “Dreams Floating on the River” শিরোনামের ছবি প্রথম পুরস্কার অর্জন করে। এছাড়া তার আরেকটি ছবি “Sleeping on the Edge of Survival” জুরি চয়েস অ্যাওয়ার্ড লাভ করে।

ছবি: ইসতিয়াক আহমেদ শ্রাবন

citytouch 728-X-90

প্রতিযোগিতায় ২০টির বেশি দেশের ফটোগ্রাফার অংশগ্রহণ করেন। সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইতালি, রোমানিয়া, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, তানজানিয়া, কেনিয়া, ফিলিপাইন, তাইওয়ান, রাশিয়া, ব্রাজিল ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শিল্পীরা এতে অংশ নেন। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক ভবিষ্যৎ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে শ্রাবন বলেন, দেশের গণ্ডি পেরিয়ে এবার আমার তোলা একটি ছবি আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হয়েছে। এটি যেমন আমার ব্যক্তিগত অর্জন, তেমনি বাংলাদেশের জন্যও গর্বের। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান শিল্পীদের মাঝে বাংলাদেশের একটি কাজের স্বীকৃতি পাওয়া সত্যিই সম্মানের।

ছবি: ইসতিয়াক আহমেদ শ্রাবন

তিনি আরও বলেন, এই পুরস্কার শুধু আমার নয়; এটি বাংলাদেশের। কারণ আমি আমার দেশের মানুষের জীবনসংগ্রাম ও বাস্তবতার গল্পই ছবির মাধ্যমে তুলে ধরেছি, আর সেই গল্পই আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয়েছে। এই সাফল্যের জন্য শ্রাবণ এক লক্ষাধিক টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন।