ক্যাম্পাস
ভিসি–রেজিস্ট্রার দ্বন্দ্বে উত্তাল বেরোবি, শিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: দূরবিন নিউজ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) উপাচার্য ও রেজিস্ট্রারকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। প্রশাসনিক অনিয়ম, ছাত্র সংসদ নির্বাচন, নিয়োগ দুর্নীতি ও শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ বিভিন্ন ইস্যুতে রোববার (২৫ জানুয়ারি) আলাদা আলাদা সংবাদ সম্মেলন করে দুই ছাত্র সংগঠন নিজেদের অবস্থান তুলে ধরে।
রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলে। তাদের দাবি, উপাচার্য একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার উপেক্ষা করছেন।
সংবাদ সম্মেলনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন চললেও উপাচার্য কৌশলগতভাবে সময় ক্ষেপণ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্র সংসদ নির্বাচন এড়িয়ে গেছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী প্রশাসনের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও অনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে চতুর্থ গ্রেডে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। এসব বিষয়ে দুদকের মামলা ও তদন্ত চলমান রয়েছে বলেও তিনি দাবি করেন।
শিবির সমর্থিত শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, গুচ্ছ পদ্ধতির বাইরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে বেরোবি থেকে যে আয় হয়, তা বিশ্ববিদ্যালয়ের তহবিলে যুক্ত করা হয় না। শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারা বলেন, অতীত প্রশাসনের অনিয়ম ও অন্যায়ের বিচার নিশ্চিত করা বর্তমান উপাচার্যের অন্যতম দায়িত্ব ছিল। একাধিক তদন্ত কমিটি গঠন হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এসব অনিয়ম আড়াল করতেই উপাচার্য একটি বিশেষ মহলের ওপর নির্ভর করছেন বলে দাবি করে তারা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে সকাল সাড়ে ১১টায় পৃথক সংবাদ সম্মেলনে উপাচার্যের পক্ষে অবস্থান নিয়ে বেরোবি শাখা ছাত্রদল রেজিস্ট্রার অধ্যাপক ড. হারুন অর রশিদের বিরুদ্ধে অবৈধভাবে দায়িত্ব পালন ও নানা অনিয়মের অভিযোগ তোলে। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা বলেন, অবৈধ রেজিস্ট্রারের কারণে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং উপাচার্যের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, রেজিস্ট্রার অবৈধ নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং একটি গুপ্ত গোষ্ঠীর সহায়তায় উসকানিমূলক ও দলীয় প্রচারণায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। শহীদ আবু সাঈদ হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে দায়ের করা মামলায় সহযোগিতার পরিবর্তে রেজিস্ট্রারের অসহযোগিতার কারণে এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি।
ছাত্রদলের পক্ষ থেকে আরও বলা হয়, রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রেজিস্ট্রার একটি গুপ্ত গোষ্ঠী ও তাদের সহযোগী ছাত্রী সংগঠনের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। পাশাপাশি বিভিন্ন তদন্ত কমিটিতে মনমতো প্রতিবেদন দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভারসাম্য নষ্ট করছেন বলেও অভিযোগ করা হয়। ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে ছাত্রদল দাবি করে, রেজিস্ট্রারের গাফিলতির কারণেই এখনো ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়নি।
তবে ছাত্রদল দাবি করেছে, উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান। আবু সাঈদ গেট, রিসার্চ ইনস্টিটিউটসহ একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। রেজিস্ট্রার ও একটি গুপ্ত গোষ্ঠীর অসহযোগিতার কারণেই এসব উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
ভিসি–রেজিস্ট্রার ইস্যুতে দুই ছাত্র সংগঠনের বিপরীতমুখী অবস্থান ও প্রকাশ্য অভিযোগে বেরোবির সার্বিক প্রশাসনিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পর্কিত
জনপ্রিয়
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন
অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।









