ক্যাম্পাস


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়াম সংস্কারে সিটি কর্পোরেশনের অনিয়মের অভিযোগ


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:১৮ জানুয়ারি ২০২৬, ০১:০৬ অপরাহ্ন, রবিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়াম সংস্কারে সিটি কর্পোরেশনের অনিয়মের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামের সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদনসংক্রান্ত জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন ধরে অডিটোরিয়ামটি বন্ধ থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

 

বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় মিলনায়তন দীর্ঘ সময় বন্ধ থাকায় সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রম আয়োজন করতে হচ্ছে বিভিন্ন বিভাগের সেমিনার কক্ষ, শ্রেণিকক্ষ কিংবা খোলা মঞ্চে। এতে স্বাভাবিক শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

 

গত বছরের ফেব্রুয়ারি মাসে জবির কেন্দ্রীয় অডিটোরিয়াম আধুনিকায়নের কাজ শুরু হয়। তবে প্রায় এক বছর পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো পুরো কাজ শেষ করতে পারেনি। সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন অডিটোরিয়ামে হাতে গোনা কয়েকজন শ্রমিক কাজ করছেন। সংশ্লিষ্টদের মতে, কার্যকর সিদ্ধান্ত ও তদারকি থাকলে দুই মাসের মধ্যেই প্রকল্পটি শেষ করা সম্ভব ছিল।

 

কাজের দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অডিটোরিয়াম বন্ধ থাকায় নিয়মিত অনুষ্ঠান বারবার স্থান ও সময় পরিবর্তন করতে হচ্ছে, যা শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন জবির কেন্দ্রীয় অডিটোরিয়াম আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য টয়লেট নির্মাণ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এককালীন ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়। ২০২২–২৩ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ‘সিটি করপোরেশনের জন্য উন্নয়ন সহায়তা’ খাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুকূলে শর্তসাপেক্ষে এই বরাদ্দ দেওয়া হয়।

 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে তা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, কাজের মান নিশ্চিত করতে নির্দিষ্ট স্যাম্পল দেখিয়ে কাজ বুঝিয়ে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগোচরে সেই স্যাম্পল পরিবর্তন করে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে।

 

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এই অনিয়মের সঙ্গে জড়িত তিনজন প্রকৌশলীকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বরখাস্তের সুপারিশ করা হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওই প্রকৌশলীদের অডিটোরিয়াম সংস্কারকাজের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

 

এর আগে গত বছরের আগস্ট মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকল্প, বিশ্ববিদ্যালয়ের সরাসরি কাজ নয়। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অক্টোবরের মধ্যেই অডিটোরিয়াম হস্তান্তরের আশ্বাস দেওয়া হয়েছিল।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অডিটোরিয়াম সংস্কারে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করার চেষ্টা করেছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা কাজ বন্ধ করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অবহিত করেছি।

 

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) লিয়াকত ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে অডিটোরিয়ামের ডিসপ্লের আকার ৮৬ ইঞ্চি থেকে ৯৮ ইঞ্চিতে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে কাজ শেষ করতে দেরি হয়েছে। বর্তমানে এই আকারের ডিসপ্লে দেশে পাওয়া না যাওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আরও দুই মাস সময় চেয়েছে।

 

দীর্ঘসূত্রতা, অনিয়ম ও দায়িত্বহীনতার কারণে জবির কেন্দ্রীয় অডিটোরিয়াম সংস্কার এখন শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এক বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত প্রকল্প শেষ করে অডিটোরিয়াম চালু করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সিটি কর্পোরেশ

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।