ক্যাম্পাস


শ্রেণিকক্ষ ও ল্যাব সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্যাহত শিক্ষা কার্যক্রম


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:০৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার

শ্রেণিকক্ষ ও ল্যাব সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্যাহত শিক্ষা কার্যক্রম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তীব্র শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি ও কম্পিউটার রুম সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। পর্যাপ্ত অবকাঠামোর অভাবে নিয়মিত ক্লাস ও ব্যবহারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে শিক্ষাজীবন ও সেশনজটের ওপর।

 

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে ২৫টি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন অন্তত ৭৬টি শ্রেণিকক্ষ। অথচ বর্তমানে মাত্র দুটি একাডেমিক ভবনে প্রায় ৩৬টি শ্রেণিকক্ষ, ল্যাব ও কম্পিউটার রুম রয়েছে। বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যার তুলনায় এই অবকাঠামো একেবারেই অপ্রতুল। ফলে একই শ্রেণিকক্ষে একাধিক বর্ষের ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা।

 

শ্রেণিকক্ষ সংকটের পাশাপাশি অনেক কক্ষে সাউন্ড সিস্টেম না থাকায় পেছনের সারির শিক্ষার্থীরা শিক্ষকের কথা ঠিকমতো শুনতে পারছেন না। পর্যাপ্ত কক্ষের অভাবে অনেক বিভাগে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার্থীরা সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এবং সেশনজট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

সমাজকর্ম বিভাগের নবীন শিক্ষার্থীদের নিজস্ব কোনো শ্রেণিকক্ষ নেই। ফলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতেই তাদের ক্লাস করতে হচ্ছে। এতে একদিকে শিক্ষার্থীরা স্বস্তিতে পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে লাইব্রেরির স্বাভাবিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে।

 

বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ল্যাব না থাকায় একই ল্যাব একাধিক ব্যাচকে ব্যবহার করতে হচ্ছে। এর ফলে সময়মতো ব্যবহারিক কাজ সম্পন্ন করা যাচ্ছে না এবং সেমিস্টার পিছিয়ে পড়ছে। কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও পর্যাপ্ত কম্পিউটার রুম না থাকায় ব্যবহারিক ক্লাসে সীমাবদ্ধতার কথা জানান।

 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বলেন, একটি মাত্র শ্রেণিকক্ষে কখনো পরীক্ষা, কখনো অন্য ব্যাচের ক্লাস চলায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি ব্যবহারিক সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় কম্পিউটার রুম ও সাউন্ড সিস্টেমের অভাবও রয়েছে।

 

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফকরুল ইসলাম বলেন, “শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকরাও এই সংকটে ভুক্তভোগী। যদি আরও দুই-তিনটি শ্রেণিকক্ষ থাকত, তাহলে পরিস্থিতি অনেকটাই সহজ হতো।”

 

লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী বলেন, নিয়মিত ক্লাস না হওয়ায় তারা অনেক পিছিয়ে পড়েছেন। সময়মতো ক্লাস বাতিল হওয়ায় সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।

 

এ বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষক শ্যামলীমা শহিদ খান জানান, অফিসিয়াল ক্লাস শুরু হওয়ার সময় সকাল ১০টা হলেও শ্রেণিকক্ষ সংকটের কারণে অনেক সময় সকাল ৮টায় ক্লাস নিতে হচ্ছে। একই সময়ে একাধিক ব্যাচের ক্লাস পড়ায় সময়মতো পাঠদান করা সম্ভব হয় না।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থী ও বিভাগের তুলনায় বর্তমান অবকাঠামো পর্যাপ্ত নয়। নতুন বিভাগ খোলা হলেও সেই অনুপাতে একাডেমিক ভবন নির্মাণে সময় লাগছে। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং নতুন প্রকল্পের বরাদ্দ পেতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

 

এই অবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত শ্রেণিকক্ষ, ল্যাব ও কম্পিউটার রুম সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। পর্যাপ্ত অবকাঠামো নিশ্চিত না হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও পিছিয়ে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।


সম্পর্কিত

বরিশাল বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।