বাংলাদেশ
জয়কালী মন্দিরে নকল রেফ্রিজারেন্ট গ্যাস জব্দ, আটক ১

রাজধানীর পুরান ঢাকার জয়কালী মন্দির এলাকায় নকল পরিচয়ে রেফ্রিজারেন্ট গ্যাস বাজারজাতের অভিযোগে একজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ। এ সময় ১৩টি সন্দেহভাজন রেফ্রিজারেন্ট গ্যাসের সিলিন্ডার জব্দ করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৯ জুন বিক্রমপুর মার্কেটের আনিকা রেফ্রিজারেশন থেকে স্থানীয় ব্যবসায়ীরা ১৩টি সন্দেহভাজন রেফ্রিজারেন্ট গ্যাসের সিলিন্ডার জব্দ করেন। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা মান অনুযায়ী এ২এল (মৃদু দাহ্য) শ্রেণিভুক্ত আর-৩২ রেফ্রিজারেন্টের সিলিন্ডারের লেবেল, রং ও পরিচিতি পরিবর্তন করে তা এ১ (অদাহ্য) শ্রেণিভুক্ত আর-৪১০এ নামে বাজারজাত করা হচ্ছিল।
পরে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন (ব্রামা)-এর উদ্যোগে উদ্ধার হওয়া সিলিন্ডারগুলো ঢাকা রেফ্রিজারেশন সমবায় সমিতির সহযোগিতায় ওয়ারী থানায় হস্তান্তর করা হয়। জনস্বার্থ ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্রামার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ওয়ারী থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে আরও কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরবরাহকারী চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলোর প্রকৃত রাসায়নিক উপাদান পরীক্ষার উদ্যোগও নেওয়া হয়েছে।
রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং খাতের বিশেষজ্ঞরা জানান, আর-৩২ এবং আর-৪১০এ সম্পূর্ণ ভিন্ন ধরনের রেফ্রিজারেন্ট। আর-৩২ মৃদু দাহ্য শ্রেণির হলেও আর-৪১০এ অদাহ্য শ্রেণিভুক্ত। ফলে এ দুই ধরনের গ্যাসের নিরাপত্তা নির্দেশিকা, ব্যবহার পদ্ধতি এবং যন্ত্রের নকশাগত চাহিদায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
তাদের ভাষ্য, যদি আর-৪১০এ হিসেবে চিহ্নিত কোনো সিলিন্ডারে প্রকৃতপক্ষে আর-৩২ থাকে, তাহলে ব্যবহারকারী বা সার্ভিসিং প্রযুক্তিবিদ তা না জেনেই ঝুঁকির মুখে পড়তে পারেন। এতে গ্যাস লিক হলে অগ্নিকাণ্ড, দাহজনিত দুর্ঘটনা, যন্ত্রপাতির ক্ষতি, কম্প্রেসর বিকল হওয়া এবং আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। তাই প্রকৃত পরিচয় গোপন করে রেফ্রিজারেন্ট বাজারজাত করা ভোক্তা নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্রামার পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন-সংশ্লিষ্ট কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে ভুল লেবেলযুক্ত বা নিম্নমানের রেফ্রিজারেন্টের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা বৈজ্ঞানিক পরীক্ষা ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
ব্রামার সভাপতি বলেন, রেফ্রিজারেন্ট গ্যাসের নামে প্রতারণা, লেবেল জালিয়াতি বা ভেজাল ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ব্যক্তি, প্রতিষ্ঠান বা চক্র যেই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, আমদানি থেকে খুচরা বিক্রয় পর্যন্ত প্রতিটি ধাপে নিয়মিত অভিযান, মান নিয়ন্ত্রণ এবং পরীক্ষাগারভিত্তিক যাচাই নিশ্চিত করা সময়ের দাবি।
ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সিলিন্ডারের রাসায়নিক পরীক্ষা, আলামত বিশ্লেষণ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







