বাংলাদেশ
ত্যাগ ও মানবিকতার বার্তা নিয়ে উদ্যাপিত হচ্ছে ঈদুল আজহা

ফাইল ছবি
সাম্য, ত্যাগ ও মানবিকতার শিক্ষা নিয়ে সারা দেশে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার ১০ জিলহজ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের জামাত, কোরবানি এবং আত্মীয়স্বজনের সঙ্গে মিলনমেলায় মুখর হয়ে উঠেছে জনজীবন।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। ঈদুল ফিতরের মতো এ ঈদে চাঁদ দেখার অপেক্ষা থাকে না। আগেভাগেই নির্ধারিত হয়ে যায় ঈদের দিনক্ষণ। সে অনুযায়ী পশু কেনা, কোরবানির প্রস্তুতি এবং গ্রামের বাড়িতে ফেরার আয়োজন সম্পন্ন করেন মানুষ।
এবারের ঈদ এসেছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। দেশের বিভিন্ন হাওরাঞ্চলে ফসলহানি, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। তবু উৎসবের আনন্দ থেমে নেই। সামর্থ্য অনুযায়ী মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।
ঈদের সকালে নতুন অথবা পরিষ্কার পোশাক পরে মুসল্লিরা মসজিদ ও ঈদগাহে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ছে ভ্রাতৃত্বের বার্তা।
এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি দিচ্ছেন। ইসলামে কোরবানি ওয়াজিব। হাদিসে এসেছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করে না, সে যেন ঈদগাহে না আসে।
বাংলাদেশে সাধারণত গরু, ছাগল ও মহিষ কোরবানি দেওয়া হয়। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উট, ভেড়া ও দুম্বাও কোরবানির পশু হিসেবে ব্যবহৃত হয়। দেশভাগের আগে এ অঞ্চলে ছাগল কোরবানি বেশি প্রচলিত থাকায় ঈদুল আজহা ‘বকরিদ’ নামেও পরিচিত ছিল।
ইসলামে কোরবানির মাংস আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীদের মধ্যে বণ্টনের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সমাজে সাম্য ও সহমর্মিতার চর্চা জোরদার হয়। কেউ এককভাবে, আবার কেউ ভাগে অংশ নিয়ে কোরবানি করছেন।
ঈদুল আজহার মূল শিক্ষা এসেছে হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের ঘটনা থেকে। মহান আল্লাহর নির্দেশে তিনি পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। পরে আল্লাহর রহমতে ইসমাইল (আ.)-এর পরিবর্তে দুম্বা কোরবানি হয়। এই ঘটনাকে স্মরণ করেই মুসলমানরা কোরবানি পালন করেন।
পবিত্র কোরআনের সুরা হজের ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর কাছে পশুর রক্ত বা মাংস পৌঁছায় না; পৌঁছায় মানুষের তাকওয়া। ইসলামী শিক্ষায় তাকওয়া বলতে আত্মশুদ্ধি, আল্লাহভীতি এবং অন্যায় থেকে বিরত থাকার চর্চাকে বোঝানো হয়েছে।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিও রাখা হয়েছিল। বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসহ দেশের বিভিন্ন স্থানে বড় জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা।
ঢাকার বাইরে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান ও দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে বড় ঈদ জামাত। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে এসব স্থান পরিণত হয়েছে মিলনমেলায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে খুলনা ও বরিশাল বিভাগ।
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে এবং আল্লাহ যেন সবার ত্যাগ কবুল করেন।
ঈদ উপলক্ষে টেলিভিশন ও রেডিওতে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্র প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশুসদনে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







