সুনামগঞ্জ শহরে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে চুরির ঘটনা। বাসাবাড়ির পাশাপাশি সরকারি, আধাসরকারি ও বিচারিক প্রতিষ্ঠানেও হানা দিচ্ছে চোরচক্র। চিহ্নিত চিচকে চোরদের দৌরাত্ম্যে শহরবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানিয়েছেন, চুরি প্রতিরোধ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কয়েকদিন ধরে বিশেষ অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে সাঁড়াশি অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে।
সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার, পানির মোটরের সংযোগ তার, স্যানিটারি সামগ্রীসহ নানা ধরনের মালামাল চুরির ঘটনা ঘটেছে। কোথাও কোথাও সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরি।
বৃহস্পতিবার রাতে শহরের কালীবাড়ি এলাকায় সুনামগঞ্জ প্রেসক্লাবের পানির মোটরের বিদ্যুতের সংযোগ তার কেটে নিয়ে যায় চোরেরা। একই এলাকায় কালেক্টরেট সংলগ্ন চিফ জুডিসিয়াল ভবনের সপ্তম তলা থেকেও টানা দুই দিনে কয়েকটি পানির টেপ খুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চিফ জুডিসিয়াল আদালতের নাজির এনাম আহমদ গত ৪ মে সদর থানায় মামলা দায়ের করেন।
সদর থানার প্রধান ফটকের সামনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতেও সম্প্রতি বড় ধরনের চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার রাতের কোনো একসময় লাইব্রেরির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরদিন দুপুরে দায়িত্বশীলরা এসে বিভিন্ন কক্ষের তালা ভাঙা দেখতে পান।
লাইব্রেরি কর্তৃপক্ষ জানায়, চোরেরা একটি কক্ষ থেকে ২০ হাজার টাকার টেলিভিশন, ৯ হাজার ৫০০ টাকার সিসি ক্যামেরার ডিভিআর, ১৮ হাজার টাকার হার্ডডিস্ক, ৯ হাজার টাকার তিনটি ক্যামেরা, নগদ ২৭ হাজার ৩৯৬ টাকা, ৩২ হাজার টাকার রাউটার এবং ৬৫ হাজার টাকার একটি ল্যাপটপসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এদিকে মঙ্গলবার রাতে শহরের শহীদ আবুল হোসেন রোড এলাকায় এক দারোয়ানকে চার ব্যক্তি ভয়ভীতি দেখিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
হাছননগর এলাকার ‘স্বপ্ন সুপার শপে’ও সম্প্রতি চুরির চেষ্টা হয়। পাশের বাসিন্দারা টের পেয়ে ধাওয়া দিলে চোরেরা পালিয়ে যায়। এ সময় তারা একটি মোবাইল ফোন ফেলে যায়। ভবনের মালিক ও গণঅধিকার পরিষদের নেতা তিমন চৌধুরী জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল সদর থানার পাশের শিল্পকলা একাডেমি ভবনের তিনটি গেটের তালা ভেঙে অফিস কক্ষ থেকে এক লাখ ৫৪ হাজার ৮০০ টাকা চুরি হয়। এছাড়া গত ১২ মার্চ থানার সামনের মুক্তিযোদ্ধা সংসদ ভবনেও চুরির ঘটনা ঘটে।
ওসি রতন শেখ বলেন, “চুরি ঠেকাতে এবং চোরদের পাকড়াও করতে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ১৩ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, চুরি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, “চুরির ঘটনায় শাস্তি দেওয়ার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের আওতায় পড়ে না। এসব ঘটনায় নিয়মিত মামলা হবে। তবে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।”










