বাংলাদেশ


রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ে শেষ হলো এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার

আপডেট:১৭ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার

রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ে শেষ হলো এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬

জমজমাট আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় আসর। শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামে কর্পোরেট ফুটবলের এই বড় আয়োজনের।

 

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-র ব্যানারে নাটমেগ আয়োজিত এবারের টুর্নামেন্টে অংশ নেয় ২০টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান। মোট ৫০টি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটি দেশের কর্পোরেট ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।

 

দিনের শুরুতে অনুষ্ঠিত প্লেট ফাইনালে মুখোমুখি হয় শেভরন বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হয়ে গোল করেন তুর্য এবং শেভরন বাংলাদেশের হয়ে গোল করেন আশিক। পরে সাডেন-ডেথ টাইব্রেকারে জয় নিশ্চিত করে প্লেট শিরোপা জিতে নেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য তুর্য নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ।

 

এরপর অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত কাপ ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় রবি আজিয়াটা পিএলসি ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ। পুরো ম্যাচজুড়ে দুই দলই রক্ষণাত্মক নৈপুণ্য প্রদর্শন করে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নেয় রবি আজিয়াটা পিএলসি। এর মাধ্যমে দলটি টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রবির শাকিব নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ।

 

পুরো টুর্নামেন্টজুড়ে একাধিক খেলোয়াড় নিজেদের পারফরম্যান্স দিয়ে আলোচনায় ছিলেন। ডিএইচএল-এর শাহীনুর ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন। একই দলের সৈকত ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জিতে নেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। অন্যদিকে রবি আজিয়াটা পিএলসির গোলরক্ষক মুসাব্বির গুরুত্বপূর্ণ সেভ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের জন্য সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

 

অসাধারণ স্পোর্টসম্যানশিপ ও শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফেয়ার প্লে ট্রফি অর্জন করে লাফার্জ হোলসিম বাংলাদেশ।

 

ফাইনাল ম্যাচ শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং ব্যক্তিগত বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ট্রফি হস্তান্তর পর্বে উপস্থিত ছিলেন এফআইসিসিআই কর্মকর্তারা, বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, অংশগ্রহণকারী দলসমূহ এবং আয়োজকরা।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন এফআইসিসিআই-এর পরিচালক এম এইচ এম ফাইরোজ, নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির, রবি আজিয়াটা পিএলসির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মো. জুবায়েদ উল ইসলাম, ব্যাকপেজ পিআরের ডিরেক্টর সাব্বির ফেরদৌস, নভোএয়ারের ইন-চার্জ সেলস মাজহারুল কবির এবং নাটমেগের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম।

 

গত কয়েক সপ্তাহ ধরে টুর্নামেন্টটি মাল্টিন্যাশনাল ও কর্পোরেট অঙ্গনে প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ তৈরি করেছে। ফুটবলের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, টিমওয়ার্ক এবং পেশাদার সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এবারের টুর্নামেন্টে টাইটেল স্পনসর ছিল অ্যাক্সেনটেক। কো-স্পনসর হিসেবে ছিল সিঙ্গার-বেকো। এছাড়া বেভারেজ পার্টনার ছিল স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং এয়ারলাইন পার্টনার নভোএয়ার।


সম্পর্কিত

বাংলাদেশপিএলসি

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।