বাংলাদেশ


৫ দিন পর রোদের দেখা, হাওরে ধান শুকাতে ব্যস্ত কৃষক


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার

৫ দিন পর রোদের দেখা, হাওরে ধান শুকাতে ব্যস্ত কৃষক

সুনামগঞ্জের হাওরে পাঁচ দিন পর রোদ উঠায় খলায় ধান শুকাতে ব্যস্ত কৃষকেরা । ছবি: সংগৃহীত


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী হাওরাঞ্চলে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বুধবার দিবাগত রাত থেকে সুনামগঞ্জ এবং উজানের মেঘালয়ে তেমন বৃষ্টিপাত হয়নি। বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন কৃষক-কৃষাণীরা। টানা ৫ দিন পর রোদ উঠায় সকাল থেকেই ধান কাটা, শুকানো, মাড়াই ও ঝাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

 

হাওর ঘুরে দেখা গেছে, কৃষক ও শ্রমিকেরা জমির পাকা ধান কাটছেন। অনেকে আবার কয়েকদিনের ভেজা ও কাটা ধান মাড়াইয়ের জন্য খলায় নিয়ে যাচ্ছেন। খলায় স্তূপ করে রাখা ধান রোদে নাড়িয়ে শুকাতে দেখা যায় কৃষক-কৃষাণীদের। কোথাও কোথাও ভেজা ধান ও খড় সড়কে ছড়িয়ে শুকানো হচ্ছে। রোদ ওঠায় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে, চারদিকে দেখা যাচ্ছে কর্মচাঞ্চল্য।

 

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত জেলায় ৫০ দশমিক ৮১৯ শতাংশ জমির ধান কাটা হয়েছে। প্রাথমিকভাবে জলাবদ্ধতায় ৯ হাজার ৫৪৯ হেক্টর জমি আক্রান্ত হয়েছে, যার মধ্যে ২ হাজার ৪৭ হেক্টর জমি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, জেলায় মোট আবাদকৃত জমির পরিমাণ ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর এবং এর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৫৮৬ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন জানান, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজান ও হাওর অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী তিন দিনে পর্যায়ক্রমে মাঝারি-ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

পূর্বাভাস অনুযায়ী, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিনে কুশিয়ারা নদীর পানি প্রাক-মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সুরমা নদী সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

 

এদিকে নেত্রকোনা জেলার ভুগাই-কংস, সোমেশ্বরী ও মগরা নদী এবং হবিগঞ্জের সুতাং নদী ইতোমধ্যে বিভিন্ন পয়েন্টে প্রাক-মৌসুমী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপদসীমার নিচে রয়েছে। তবে আগামী তিন দিনে এই নদীগুলোর পানি আরও বাড়তে পারে। বিশেষ করে বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে দ্বিতীয় দিনে বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে নেত্রকোনার হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

 

মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানিও আগামী দিনগুলোতে ওঠানামা করতে পারে। পূর্বাভাস অনুযায়ী, জুড়ি নদী দ্বিতীয় দিনে এবং মনু ও খোয়াই নদী তৃতীয় দিনে বিপদসীমা অতিক্রম করতে পারে, যা এসব জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।


সম্পর্কিত

সুনামগঞ্জবন্যাহাওরাঞ্চল

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।