বাংলাদেশ
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারল না শিক্ষার্থী, ভেঙে গেল জান্নাতির স্বপ্ন

ছবি: সংগৃহীত
প্রধান শিক্ষকের অবহেলা ও প্রশাসনিক ভুলের কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে।
ভুক্তভোগী জান্নাতি খাতুন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে। জানা গেছে, অন্যান্য শিক্ষার্থীর মতো নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করে সে। সারা বছর ধরে মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতিও নেয়।
কিন্তু গত সোমবার বিদ্যালয়ে প্রবেশপত্র নিতে গেলে জানা যায়, অন্য শিক্ষার্থীদের প্রবেশপত্র এলেও জান্নাতিরটি আসেনি। বিষয়টি জানার পর মানসিকভাবে ভেঙে পড়ে সে। একটি বছর হারানোর শঙ্কা ও দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে যাওয়ায় তার পরিবারও চরম হতাশায় রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানবিক বিভাগের শিক্ষার্থী হলেও জান্নাতি অতিরিক্ত যত্ন নিয়ে প্রাইভেট শিক্ষকের কাছে পড়াশোনা করছিল। তার লক্ষ্য ছিল বড় ভাইয়ের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। কিন্তু হঠাৎ এমন পরিস্থিতিতে তার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা লেগেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সালামের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু শিক্ষার্থীর অপশনাল বিষয়ে ভুল সংশোধনের জন্য বোর্ডে যেতে হয়েছিল। জান্নাতির ক্ষেত্রে ভুল হয়েছে স্বীকার করে তিনি তার বাবার কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি আরও জানান, নীতিমালা অনুযায়ী আংশিক পরীক্ষায় অংশগ্রহণ করলে পরবর্তীতে মানোন্নয়ন পরীক্ষার সুযোগ থাকে না।
এদিকে শিক্ষাবিদরা বলছেন, একটি শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নিতে না পারা শুধু একটি পরীক্ষার সুযোগ হারানো নয়, এটি একটি পুরো শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার সমান।
স্থানীয়দের প্রশ্ন, এমন একটি ঘটনার দায় কে নেবে? শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থা কি যথেষ্ট, নাকি দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন রয়েছে?
ঘটনাটি আবারও শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা ও দায়িত্বশীলতার প্রশ্ন সামনে নিয়ে এসেছে।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







