বাংলাদেশ


প্রথম ৬০ দিনে ৬০ পদক্ষেপ: অর্থনীতি, জনসেবা ও প্রশাসনে সরকারের বহুমুখী উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার

প্রথম ৬০ দিনে ৬০ পদক্ষেপ: অর্থনীতি, জনসেবা ও প্রশাসনে সরকারের বহুমুখী উদ্যোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম ৬০ দিনে সরকারের নেওয়া ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব উদ্যোগ তুলে ধরা হয়।

 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, সামাজিক সুরক্ষা, কৃষি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, কর্মসংস্থান ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন খাতে সমন্বিতভাবে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

 

সরকারি তালিকা অনুযায়ী, নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প শেষ হয়েছে, যার আওতায় কয়েক হাজার পরিবারকে মাসিক নগদ সহায়তা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু এবং কৃষিঋণ মওকুফসহ একাধিক প্রণোদনা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

 

সংসদীয় কার্যক্রমে গতি আনতে একাধিক অধ্যাদেশ নিষ্পত্তি এবং কিছু ক্ষেত্রে পুনরায় যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়নে নদী ও খাল খনন কার্যক্রম জোরদার, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি খাতে ভর্তুকি বজায় রাখার কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার তথ্য জানানো হয়।

 

ধর্মীয় নেতাদের জন্য ভাতা কর্মসূচি সম্প্রসারণ, প্রবাসীদের জন্য বিশেষ কার্ড চালুর উদ্যোগ এবং হজ ব্যবস্থাপনায় ব্যয় কমানোর পদক্ষেপও তালিকায় রয়েছে।

 

কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি শূন্যপদ পূরণ, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু, অর্থনৈতিক অঞ্চল সক্রিয়করণ এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশল প্রণয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

স্বাস্থ্যখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ‘ই-হেলথ কার্ড’ চালু এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাখাতে ভর্তি ফি বাতিল, বৃত্তির পরিমাণ বৃদ্ধি, শিক্ষক নিয়োগ এবং খেলাধুলা বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

পরিবেশ ও অবকাঠামো খাতে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার, নদী রক্ষা আইন সংশোধনের উদ্যোগ এবং পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

 

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে অনলাইন সেবা বাধ্যতামূলক করা, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি চালু, রাষ্ট্রীয় ব্যয় কমাতে নীতিগত সিদ্ধান্ত এবং আইনশৃঙ্খলা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তবে এসব পদক্ষেপের বাস্তবায়ন, কার্যকারিতা এবং জনজীবনে এর প্রকৃত প্রভাব নিয়ে পর্যবেক্ষক মহলে মূল্যায়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সম্পর্কিত

বাংলাদেশঅর্থনীতিপ্রধানমন্ত্রী

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।