বাংলাদেশ
নেত্রকোণার হাওড়ে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০ জন

ছবি: দূরবীন নিউজ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোড়াডোবা হাওড়ে বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে রোববার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে হাওড়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে স্থানীয়রা চার দিন আগে তিনটি স্থানে অস্থায়ী বাঁধ নির্মাণ করেন। তবে এই বাঁধের কারণে হাওড়ের কিছু উজানের নিচু এলাকা পানিতে তলিয়ে গিয়ে কয়েক শত হেক্টর জমির বোরো ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এরপর পোগলা ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা জলাবদ্ধতা নিরসনের জন্য বাঁধ কাটার উদ্যোগ নেন, কিন্তু বড়খাপন ইউনিয়নের কিছু বাসিন্দা এতে আপত্তি জানান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়।
রোববার দুপুরে দুই পক্ষের কয়েক শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি আহতরা কলমাকান্দা ও নেত্রকোনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
পোগলা গ্রামের বাসিন্দা তারা মিয়া জানান, “বাঁধ কেটে দিলে একাংশের ফসল বাঁচলেও অন্য অংশের ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এক পক্ষ বাঁধ কাটতে চায়, অপর পক্ষ তা বাধা দেয়। এই দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত।”
বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, “জলাবদ্ধতার খবর পেয়ে কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক কৃষক স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেন। কিন্তু পোগলা ইউনিয়নের কিছু লোক বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়।”
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন জানান, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের মধ্যে ৮ থেকে ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এই ঘটনার বিষয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেবেন বলে জানা গেছে।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







