বাংলাদেশ
শেরপুরে ডলি আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: ৪৮ ঘণ্টায় মূল আসামি গ্রেফতার

ছবি: দূরবীন নিউজ
শেরপুরের শ্রীবরদী উপজেলা-তে ট্রাংকের ভেতর থেকে উদ্ধার হওয়া নারী ডলি আক্তার-এর হত্যাকাণ্ড দ্রুত সমাধান করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, ১ এপ্রিল সকালে শ্রীবরদী পৌরসভার তাঁতিহাটি পশ্চিম নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোড়ে একটি ট্রাংকের ভেতর তালাবদ্ধ অবস্থায় তোশক মোড়ানো, হাত-পা বাঁধা ডলি আক্তারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
ঘটনার পর নিহতের ভাই শফিকুল ইসলাম শফিক মিয়া শ্রীবরদী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই জামালপুর ইউনিটে হস্তান্তর করা হলে এসআই মো. আব্দুস সালামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
পিবিআই জানায়, অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল এবং জামালপুর পিবিআই ইউনিটের পুলিশ সুপার পঙ্কজ দত্ত-এর তত্ত্বাবধানে একাধিক টিম দ্রুত ছায়াতদন্ত শুরু করে। ৩ এপ্রিল শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়ন থেকে লাশ বহনকারী নীল রঙের পিকআপ জব্দ করা হয় এবং চালক আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
তাদের তথ্যের ভিত্তিতে ৪ এপ্রিল ভোরে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মূল আসামি নিয়ামুর নাহিদ (২৬) ও তার স্ত্রী রিক্তা মনি (২৬) গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আসামিরা স্বীকার করেছেন, ৩০ মার্চ রাতে গাজীপুরের শ্রীপুর এলাকায় ভাড়া বাসায় ডলি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন নাহিদ। পরে স্ত্রী রিক্তা মনির সহযোগিতায় লাশ গোপনের উদ্দেশ্যে ট্রাংকে ভরে শ্রীবরদীতে ফেলে রাখা হয়।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, “সংবাদ পাওয়ার পরপরই দ্রুত টিম গঠন করে তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ও টিমের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।”
গ্রেফতারকৃত আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







