বাংলাদেশ
আদালত চত্বরে সাংবাদিককে অপহরণের চেষ্টা

মাহফুজুর রহমান সাইমন । ছবি: সংগৃহীত
জামালপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে হামলা ও অপহরণের চেষ্টার শিকার হয়েছেন এক সংবাদকর্মী। এ ঘটনায় আদালত এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী মো. মারুফ হাসান, যিনি বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি। তিনি একটি চেক সংক্রান্ত মামলার বাদী হিসেবে রোববার (২৯ মার্চ ২০২৬) আদালতে হাজিরা দিতে যান।
মামলার নথি অনুযায়ী, এনআই অ্যাক্টের আওতায় দায়ের করা এ মামলায় প্রায় ৯ লাখ টাকা পাওনা বাবদ বিবাদী একটি চেক প্রদান করেন। গত বছরের ২৩ এপ্রিল চেকটি ব্যাংকে জমা দিলে ২৯ এপ্রিল তা ডিজঅনার হয়। পরে আইনি নোটিশ দেওয়ার পর বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগে বলা হয়, নির্ধারিত তারিখে আদালতে হাজিরা শেষে মারুফ হাসান বের হলে আদালত গেটের সামনে আগে থেকেই অবস্থান নেওয়া বিবাদী মো. আরিফুল ইসলাম ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা চালায়।
এ সময় তাকে মারধর করা হয় এবং তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। এছাড়া তার সঙ্গে থাকা মানিব্যাগও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী জানান, তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তিনি আদালতে ফিরে গিয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেন।
জানা গেছে, ঘটনার পর ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিবাদীপক্ষের আইনজীবীকে তলব করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। তিনি বলেন, আদালত চত্বরে একজন সাংবাদিক ও প্রেসক্লাব নেতার ওপর এ ধরনের হামলা বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







