বাংলাদেশ


শহীদ ওসমান হাদি হত্যা মামলায় নাটকীয় মোড়


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার

শহীদ ওসমান হাদি হত্যা মামলায় নাটকীয় মোড়

ছবি: সংগৃহীত


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলায় নতুন মোড় তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। খবরটি প্রকাশের পরপরই বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

গত বছর ১২ ডিসেম্বরের এই হত্যাকাণ্ডটি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ওসমান হাদি নির্বাচনী রাজনীতিতে সরব হয়ে ওঠেন। তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনার কেন্দ্রে ছিলেন। ঠিক সেই সময়ই ঘটে নির্মম এই হত্যাকাণ্ড।

 

ঘটনার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয় এবং হত্যাকাণ্ডের পেছনে বিদেশি সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা দেখা দেয়।

 

সংশ্লিষ্ট সূত্রের দাবি, হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহ করা হচ্ছিল যে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় আত্মগোপনে ছিল।

 

এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য আদান–প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানা গেছে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় কর্তৃপক্ষ তাদের অবস্থান শনাক্ত করে। এরপর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বাংলাদেশ ইতিমধ্যে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে। বাংলাদেশ–ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এই গ্রেপ্তারের পর মামলার তদন্তে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত ছিল এবং এর মাধ্যমে কোনো বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হয়েছিল কি না এসব বিষয় এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

 

বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হলে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনের অনেক প্রশ্নের উত্তর সামনে আসতে পারে।


সম্পর্কিত

শহীদ ওসমান হাদিহাদি হত্যাহাদি হত্যা মামলা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।