বাংলাদেশ
ডিসি মাসুদের প্রত্যাহার ও ক্যাম্পাসে পুলিশিং বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের

শাহবাগ থানার সামনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ । ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাঈম উদ্দিন, বাংলানিউজ২৪-এর মাল্টিমিডিয়া সাংবাদিক তোফায়েল আহমেদসহ দুই দর্শনার্থীর ওপর ‘পুলিশি হামলার’ অভিযোগে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে প্রত্যাহারসহ ক্যাম্পাস এলাকায় সব ধরনের পুলিশিং বন্ধের দাবি জানান তারা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে শাহবাগ থানার সামনে জড়ো হয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘হারুন গেছে যে পথে, মাসুদ যাবে সে পথে’, ‘শাহবাগ থানা জবাব চাই’, ‘আমার ভাইকে মারল কেন’ ইত্যাদি।
বিক্ষোভে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাফিরা জাহান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্ন করা নাগরিক অধিকার। তার ভাষ্য, নাঈম উদ্দিনের ওপর হামলা পুলিশের ‘ইগোভিত্তিক সহিংসতার’ অংশ। তিনি ডিসি মাসুদ ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান।
থিয়েটার বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম অভিযোগ করেন, সন্দেহের ভিত্তিতে হয়রানি করা হলে ভবিষ্যতে যে কেউ এমন ঘটনার শিকার হতে পারেন। তিনি পুলিশের এ ধরনের আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ হেল বুবুন তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো হামলায় জড়িত ডিসি মাসুদসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসের ভেতর ও বাইরে সব ধরনের পুলিশিং বন্ধ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা।
এদিকে দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনও পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানায়।
ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার রাতে মাদকবিরোধী অভিযানের সময় কয়েকজনকে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক সাংবাদিককে লাঠিপেটার দৃশ্য দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অভিযান চলাকালে ঢাবির তিন শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের মধ্যে নাঈম উদ্দিন দাবি করেন, সোহরাওয়ার্দী উদ্যানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আলোচনা শেষে ফেরার পথে পুলিশ তাদের আটক করে এবং তর্কের অভিযোগ তুলে মারধর করে। এতে তার মাথা, হাত ও পায়ে আঘাত লাগে বলে জানান তিনি।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্যর্থ হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







