বাংলাদেশ


‘দাদা ভাই’ মন্ত্রী হওয়ায় মুরাদনগরে উচ্ছ্বাস


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

আপডেট:১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

‘দাদা ভাই’ মন্ত্রী হওয়ায় মুরাদনগরে উচ্ছ্বাস

ছবি: সংগৃহীত


কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্মবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে। মুরাদনগরের জনগণের কাছে তিনি ‘দাদা ভাই’ নামে পরিচিত।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে।

 

কায়কোবাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি ছয় কন্যাসন্তানের জনক।

 

রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন কায়কোবাদ। একসময় মিথ্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটাতে হয় তাঁকে। পরে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে অংশ নেন এবং শেষ পর্যন্ত মন্ত্রিসভায় স্থান পান যা একসময় অনেকের কাছেই অসম্ভব বলে মনে হয়েছিল।

 

তাঁর রাজনৈতিক জীবন বেশ বর্ণাঢ্য। ব্যবসায়ী ও ঠিকাদার হিসেবে কর্মজীবন শুরু করা কায়কোবাদ ১৯৮৬ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে দ্বিতীয়বার সংসদ সদস্য হন এবং ১৯৮৯ সালের শেষ দিকে সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের ২ মে থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

 

১৯৯১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রফিকুল ইসলামের কাছে পরাজিত হন। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে চতুর্থবার এবং ২০০৮ সালে পঞ্চমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্মবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান।

 

স্থানীয় সূত্র জানায়, ২০১০ সালে তাঁকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়ানো হয়। মামলার প্রেক্ষাপটে দীর্ঘ প্রায় ১৫ বছর বিদেশে অবস্থান করেন তিনি। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “সবকিছু আল্লাহ তায়ালার ইচ্ছায় হয়। আমার জীবনে আর কোনো প্রত্যাশা নেই।”

 
 

সম্পর্কিত

বাংলাদেশমন্ত্রীমুরাদনগরকায়কোবাদধর্মমন্ত্রী

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।