ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আবহ কাটতে না কাটতেই আজ ১৪ ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিনেই প্রকৃতি সাজেছে নতুন রঙে। দেশের বৃহৎ শিমুল বাগানগুলোতে শুরু হয়েছে রক্তলালের উৎসব। পাহাড়ি নদী জাদুকাটার তীরে ভেসে আসছে কোকিলের কুহুতান বসন্তের আগমনী বার্তা।

সবুজের ডালে ডালে রক্তলালের দোলা। শত শত শিমুল ফুলে ছেয়ে গেছে গাছের মগডাল। কোথাও জোড়া সারসের খুনসুটি, কোথাও ঝরে পড়া পাপড়িতে লাল কার্পেটের মতো বিছানো মাটি। ভারতের খাসিয়া পাহাড় থেকে নেমে আসা বসন্তের হাওয়া দোলা দিচ্ছে প্রতিটি শিমুলগাছে। সেই হাওয়ায় ঝরে পড়ছে আগুনরাঙা ফুল চারদিকে লাল আর সবুজের মোহনীয় মেলবন্ধন।

পাহাড়ি নদীর তীরজুড়ে এখন এমনই মুগ্ধতার আবহ। তাহিরপুর উপজেলার শিমুল বাগান যেন ফাগুনের এই আগুনরাঙা রূপের কেন্দ্রবিন্দু। নির্বাচনী ব্যস্ততার পর প্রকৃতির এই রঙিন আয়োজন মানুষের মনে এনে দিচ্ছে স্বস্তি ও প্রশান্তি। বসন্তের প্রথম দিনে শিমুল বাগানের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা; কেউ ছবি তুলছেন, কেউবা নদীতীরে হাঁটছেন লাল পাপড়ির ভেলায়।

citytouch 728-X-90

২০০৩ সালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবেদীন পতিত জমিতে গড়ে তোলেন এই শিমুল বাগান। সময়ের পরিক্রমায় এটি বসন্তের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।

ফাগুনের দিনগুলো ক্ষণস্থায়ী। তবু শিমুল বাগানের রক্তলাল স্মৃতি থেকে যায় দীর্ঘদিন প্রকৃতির এই রঙিন উৎসব যেন বছরজুড়ে টেনে রাখে মানুষকে।