বাংলাদেশ
নিজ হাতে পছন্দের প্রার্থীকে ভোট দিলেন ১২০ বছরের তৈয়বজান
.jpg)
দুই নাতির কাঁধে ভর করে ভোটকেন্দ্রে ১২০ বছরের তৈয়বজান। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের সকালটা ছিল অন্য দিনের চেয়ে ভিন্ন। ধারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ভিড়ের মাঝেই সবার নজর কাড়েন ১২০ বছর বয়সী তৈয়বজান। দুই নাতির কাঁধে ভর করে ভোট দিতে আসেন তিনি।
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনের ৯ নম্বর ধারা ইউনিয়নের এই কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভোট দিয়ে বের হতে দেখা যায় তাঁকে। বয়সের ভারে ন্যুব্জ শরীর, নিজে হাঁটার সামর্থ্য নেই। তবু ভোটাধিকার প্রয়োগে ছিল দৃঢ়তা।
কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় মুখে ছিল তৃপ্তির হাসি। তৈয়বজান বলেন, “নিজ হাতে আমার পছন্দের প্রার্থীকেই ভোট দিছি। ভোট দিতে পারছি, ভালো লাগছে।” তাঁর কণ্ঠে ছিল দায়িত্ব পালনের গর্ব।
তৈয়বজানের উপস্থিতিতে কেন্দ্রের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। একই ইউনিয়নের পূর্বধারা গ্রামের বাসিন্দা আকিবুল ইসলাম জানান, দীর্ঘ ১৬-১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। “নিজের মতো করে ভোট দিতে পেরেছি,” বলেন তিনি।
ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থায় ছিল আলাদা আয়োজন। নিচতলায় নারীদের এবং দোতলায় পুরুষ ভোটারদের জন্য বুথ করা হয়েছে। দোতলা থেকে ক্র্যাচে ভর দিয়ে সিঁড়ি ভেঙে নামতে দেখা যায় এক শারীরিকভাবে অসুস্থ ভোটারকে। কষ্ট হলেও ভোট দেওয়ার আগ্রহেই কেন্দ্রে এসেছেন তিনি।
কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৩০৫ জন। প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ মোজাহারুল হক জানান, “ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে প্রায় ২০০ ভোট পড়েছে। পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।”
এ আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল কেন্দ্রটি পরিদর্শন করেন। তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবেই হচ্ছে। ভোট দেওয়ার পরও কেউ কেউ কেন্দ্রে বেশি সময় অবস্থান করছেন এমন কথা শুনে খোঁজ নিতে এসেছিলাম।” তবে প্রিসাইডিং কর্মকর্তা অভিযোগের সত্যতা পাননি বলে জানান।
অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তির অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, তালিকায় নাম থাকা সত্ত্বেও কিছু ভোটারকে কেন্দ্রে গিয়ে নাম না থাকার কথা বলা হচ্ছে।
এসব অভিযোগের মধ্যেও ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মূল চিত্র ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বয়স, অসুস্থতা কিংবা দীর্ঘ বিরতির পরও ভোট দিতে মানুষের আগ্রহ নির্বাচনকে দিয়েছে আলাদা মাত্রা।
ভোটের লাইনে দাঁড়ানো এক তরুণ বলেন, “নানুর বয়স ১২০ বছর, তাও ভোট দিতে এসেছেন। আমরা তো সুস্থ, ভোট দেব না কেন?”
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







