বাংলাদেশ
চবি শিক্ষক হেনস্তার ঘটনায় নিন্দা: সম্মতি ছাড়া জোর করে ধরে নেওয়া অপহরণ
.webp)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী শিক্ষক হাসান মোহাম্মদকে প্রকাশ্যে হেনস্তা ও জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রনেতা ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিও উঠেছে।
ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী ফেসবুকে লিখেছেন, সম্মতি ছাড়া কাউকে জোর করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অপহরণ। অপরাধী হলেও কোনো শিক্ষক বা কোনো মানুষকে এভাবে ধরে নিয়ে যাওয়ার অধিকার কারও নেই। আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদের সঙ্গে যা করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জি এইচ হাবীবও ঘটনার ভিডিও শেয়ার করে প্রতিবাদ জানান। তিনি লেখেন, একজন শিক্ষক ও একজন সাধারণ নাগরিক হিসেবে এই আগ্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরে প্রথম আলোকে তিনি বলেন, অভিযোগের সত্যতা থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত চলমান থাকা অবস্থায় এমন আচরণ অনভিপ্রেত।
চাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমানও এই ঘটনার সমালোচনা করেছেন। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, শিক্ষক হাসান মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার হওয়া উচিত, কিন্তু যেভাবে চাকসু নেতারা তাঁকে আটক করেছেন, তা দায়িত্বশীল আচরণ নয়। প্রশাসনকে জবাবদিহির আওতায় আনলে একই সঙ্গে অন্য অভিযুক্ত শিক্ষকদের বিচারও নিশ্চিত করা যেত বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ফোরামের সভাপতি অধ্যাপক মো. শামছুল আলম প্রথম আলোকে বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন শিক্ষককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য গভীর উদ্বেগজনক। অভিযোগ থাকলেও এভাবে কাউকে ধরে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ফোরামের বিবৃতিতে বলা হয়, ভর্তি পরীক্ষা চলাকালে একজন শিক্ষককে প্রকাশ্যে হেনস্তা করে প্রক্টর কার্যালয়ে সোপর্দ করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের জন্য হুমকি। ভিন্নমত বা অভিযোগের নিষ্পত্তির একমাত্র পথ আইন ও প্রশাসনিক তদন্ত কোনোভাবেই ‘মব জাস্টিস’ নয়। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মব সংস্কৃতি ও শিক্ষক নিপীড়নের প্রবণতা বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ভর্তি পরীক্ষাকেন্দ্র থেকে চাকসুর কয়েকজন নেতা শিক্ষক হাসান মোহাম্মদকে তাড়া করে ধরে নিয়ে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন ছাত্র তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। ভিডিওতে চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি এবং নির্বাহী সদস্য সোহানুর রহমানকে দেখা গেছে। ওই সময় শিক্ষক হাসান মোহাম্মদকে চিৎকার করতে শোনা যায় এবং পরে তাঁকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, শিক্ষক হাসান মোহাম্মদকে প্রক্টরের কার্যালয়ে প্রায় সাত ঘণ্টা এবং পরে সহ–উপাচার্যের কার্যালয়ে আরও দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় তাঁর মুঠোফোনও তল্লাশি করা হয়। রাত ৯টার দিকে প্রক্টরের গাড়িতে করে তাঁকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।
হাসান মোহাম্মদ আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের একাংশের সঙ্গে যুক্ত এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর। চাকসু নেতাদের দাবি, সহকারী প্রক্টরের দায়িত্বে থাকাকালে তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলায় ভূমিকা রেখেছিলেন এবং জুলাইয়ের গণ–অভ্যুত্থানের বিরোধিতা করেছিলেন। এসব অভিযোগের তদন্ত চলছে এবং বর্তমানে তাঁর বেতন-ভাতা স্থগিত রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক হাসান মোহাম্মদ।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







