বাংলাদেশ


খালেদা জিয়ার জানাজায় গিয়ে বাবাকে হারাল গুলিবিদ্ধ কিশোর তাহসিন, জুলাই যোদ্ধার সামনে এখন জীবনের কঠিন লড়াই


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার

খালেদা জিয়ার জানাজায় গিয়ে বাবাকে হারাল গুলিবিদ্ধ কিশোর তাহসিন, জুলাই যোদ্ধার সামনে এখন জীবনের কঠিন লড়াই

সিআরপিতে চিকিৎসাধীন তাহসিন হোসেনের সঙ্গে মা তাহেরা নয়নফাইল। ছবি: মানসুরা হোসাইন


ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গুলিবিদ্ধ হয় কিশোর তাহসিন হোসেন নাহিয়ান (১৫)। তখন সে মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গুলিতে তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে পেটের নিচ থেকে দুই পা এখনো অবশ। সেই আহত কিশোরই আজ আবার এক নতুন জীবনের লড়াইয়ে এবার বাবাকে হারিয়ে।

 

গত ৩১ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা যান তাহসিনের বাবা নীরব হোসেন (৫৬)। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নীরব হোসেন দুই সন্তান তাহসিন ও তার ছোট বোন নাফিজা জাহানকে নিয়ে মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের দায়িত্ব একাই সামলাচ্ছিলেন তিনি।

 

নিরব হোসেন
নিরব হোসেন। ছবি: সংগৃহীত

 

বাবার মৃত্যুর পর দুই ভাই–বোনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাহসিনের ছোট বোন নাফিজা এবার নবম শ্রেণিতে উঠেছে। সন্তানদের মা তাহেরা নয়ন বর্তমানে কেরানীগঞ্জে থাকেন এবং পুনরায় বিয়ে করেছেন। তিনি জানান, বাবার মৃত্যুর খবর শুনে মেয়েটি ভাইকে ফোন করে বলেছিল, “বাবা তো নেই, এখন আমরা কার কাছে থাকব?” এই কথাটাই তাদের বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি।

 

হুইলচেয়ারে বাবার জানাজা

গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তাহসিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), সাভারের সিআরপি এবং সরকারি ব্যবস্থাপনায় থাইল্যান্ডেও চিকিৎসা নিয়েছে সে। বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন। সেখান থেকেই হুইলচেয়ারে করে বাবার জানাজায় অংশ নেয় তাহসিন। জানাজা শেষে আবার হাসপাতালেই ফিরতে হয় তাকে।

         

নীরব হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

পড়াশোনায় ফেরার স্বপ্ন

শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও তাহসিন থেমে থাকতে চায় না। সে আবার পড়াশোনা শুরু করার স্বপ্ন দেখছে। তাহেরা নয়ন জানান, ছেলের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য নীরব হোসেন নতুন বাসা ভাড়ার প্রস্তুতিও নিয়েছিলেন। তবে নতুন বছরে বাসায় ওঠার আগেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

 

তাহসিন মুঠোফোনে জানায়, আমরা আম্মুর কাছেই থাকব। আবার পড়াশোনা শুরু করতে চাই। আমার কাছে এটিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে হচ্ছে।

 

রাষ্ট্রীয় সহায়তা ও বিএনপির আশ্বাস

জুলাই যোদ্ধা হিসেবে গুরুতর আহত হওয়ায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাহসিন এককালীন ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাওয়ার কথা। তবে এসব বিষয় আগে বাবাই দেখাশোনা করতেন। এখন বাবার অনুপস্থিতিতে পরিবারকে নতুন করে সবকিছু সামলাতে হচ্ছে।

 

নীরব হোসেনের মৃত্যুর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তা দেন। জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।

 

তাহসিনের মা তাহেরা নয়ন বলেন, কেউ যদি সাহায্য করতে চান, তাহলে সেই সহায়তা যেন সরাসরি আমার সন্তানদের জন্য হয় এইটুকুই আমার অনুরোধ।

 

বর্তমানে নাফিজা মায়ের কাছে রয়েছে এবং তাহসিন চিকিৎসাধীন অবস্থায় মায়ের সঙ্গেই হাসপাতালে আছে। তবে দুই ভাই–বোন স্থায়ীভাবে কার কাছে থাকবে সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

 

গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব, তার পর বাবার আকস্মিক মৃত্যু সব মিলিয়ে কিশোর তাহসিনের জীবন যেন হঠাৎ করেই পাল্টে গেছে। তবু হাল ছাড়তে রাজি নয় সে। পড়াশোনা আর সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকড়ে ধরেই জুলাই যোদ্ধা তাহসিন এখন নতুন জীবনযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে।


সম্পর্কিত

খালেদা জিয়াজুলাই যোদ্ধা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।