বাংলাদেশ
সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত সিরাজগঞ্জ, তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির
.webp)
সিরাজগঞ্জে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যমুনাপাড়ের এই জেলায় শীতের প্রকোপে মানুষ কার্যত জবুথবু অবস্থায় দিন কাটাচ্ছে। নিম্নআয়ের মানুষ কাজে বের হতে পারছেন না, চরাঞ্চলের বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ বছরের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার (৪ জানুয়ারি) সকালে বাঘাবাড়ী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
তীব্র শীত ও কুয়াশার প্রভাবে সড়ক ও মহাসড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন চালকরা। লোকাল রুটে যাত্রী সংকটের কারণে অনেক বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
কৃষকরাও পড়েছেন বিপাকে। ঠাণ্ডা ও কুয়াশার কারণে তারা ক্ষেতে গিয়ে ফসলের পরিচর্যা করতে পারছেন না। এতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে চরাঞ্চলের কৃষকরা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন।
শীতের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে পড়েছেন শিশু ও বয়োবৃদ্ধরা। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। সর্দি-কাশি, হাঁপানি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। অনেক মানুষকে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
রিকশাচালক মোবারক হোসেন বলেন, তীব্র শীতের মধ্যেও জীবিকার তাগিদে রাস্তায় নামতে হয়েছে, কিন্তু যাত্রী নেই। দিনমজুর শাহাদত হোসেন জানান, কাজ না থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেত জানান, জেলায় ইতোমধ্যে প্রায় ২৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নুরুল আমিন শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার এবং বের হলে পর্যাপ্ত শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
সব মিলিয়ে বছরের সর্বনিম্ন তাপমাত্রায় সিরাজগঞ্জে শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা, আর শীত কমার অপেক্ষায় দিন গুনছে জেলার মানুষ।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







