বাংলাদেশ
গণ-অভ্যুত্থানে পঙ্গু ছেলে, খালেদা জিয়ার জানাজায় স্বামীর মৃত্যু- দিশাহারা তাহেরা বেগম
.webp)
জুলাই গণ-অভ্যুত্থানে মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করে নেয় একমাত্র ছেলে। সে এখনো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি—স্বামী মো. নিরব হোসেন। একের পর এক এমন আঘাতে দিশাহারা হয়ে পড়েছেন তাহেরা বেগম।
নিরব হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে। বুধবার বিকেলে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুরে বড়ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আর্থিক সংকটের কারণে বেশ কিছুদিন আগে পরিবার নিয়ে ঢাকায় চলে যান নিরব হোসেন। রাজধানীর বড় মগবাজার এলাকার ডাক্তার গলিতে একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সংসার চালাতেন। উপার্জন সীমিত হলেও স্বাভাবিকভাবেই চলছিল তাদের সংসার।
জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করা ছেলে তাহসীন হোসেন (১৫) বৃহস্পতিবার বাবার জানাজায় অংশ নেয় হুইলচেয়ারে বসে। পরিবারের সদস্যরা জানান, কাউকে না জানিয়েই তাহসীন ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয়। গত ৪ আগস্ট বিকেলে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় গুলিতে তার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাকে দেশে ও বিদেশে (থাইল্যান্ড) চিকিৎসা দেওয়া হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। দুর্ঘটনার সময় সে নবম শ্রেণির ছাত্র ছিল। চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে তার।
তাহসীন জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সে হাঁটতে পারে না, এমনকি স্বাভাবিক শারীরিক অনুভূতিও কাজ করে না। তার দেখভাল করতেন বাবা নিজেই। বাবার মৃত্যুর সময় সে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার রাতে বাবার সঙ্গে শেষ কথা হয় তার। তাহসীনের ভাষায়, “বাবা ফোন করে জানতে চেয়েছিলেন আমি কেমন আছি, রাতে খেয়েছি কি না। বাবার মৃত্যুর পর এখন আমাদের সংসার কীভাবে চলবে জানি না।”
স্বামীর মৃত্যুতে নির্বাক তাহেরা বেগম বলেন, একমাত্র ছেলেটা পঙ্গু হয়ে গেছে। হাঁটতে পারে না, কোমরের নিচের অংশ অবশ। শিশুর মতো প্যাম্পার্স পরিয়ে রাখতে হয়। চার সদস্যের সংসারে স্বামীই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর সংসার চালানোর মতো কোনো সামর্থ্য তাঁর নেই।
নিরব হোসেনের জানাজায় স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।
বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান জানান, তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির নেতারা নিহতের পরিবারের খোঁজখবর নিতে এসেছেন। তিনি বলেন, বিএনপি ও তারেক রহমান সব সময় নিরব হোসেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত তাহসীন হোসেনের পরিবারের পাশে থাকবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







