বাংলাদেশ
গোলাবর্ষণের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ–নাইক্ষ্যংছড়ি সীমান্ত
.webp)
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আবারও ভেসে এলো ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরণের বিকট শব্দ। শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত টানা বিমান হামলা ও মর্টারশেলের শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা। আতঙ্কে রাত পার করেছেন সীমান্ত জনপদের কয়েক হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, ওপার থেকে ভেসে আসা বোমা ও গোলার বিকট শব্দে ঘরবাড়ি কেঁপে ওঠে। অনেকেই শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে নির্ঘুম রাত কাটান। যদিও এ ঘটনায় বাংলাদেশের ভেতরে কোনো গোলা এসে পড়ার খবর পাওয়া যায়নি, তবুও ভয় আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা জানান, শনিবার রাত ১১টা থেকে রোববার ভোর ৩টা পর্যন্ত থেমে থেমে মর্টারশেল ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই সময় সীমান্তের বেশ কয়েকটি এলাকা স্পষ্টভাবে কেঁপে ওঠে।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উখিয়ার পালংখালী ও রাজাপালং ইউনিয়ন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের একাধিক গ্রামে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
সীমান্ত সূত্রগুলো জানায়, শনিবার রাত ১১টার দিকে রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনী হঠাৎ বিমান হামলা চালায়। এর জবাবে পাল্টা হামলা শুরু করে আরাকান আর্মি। ভোররাত পর্যন্ত গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে এবং শূন্য লাইন থেকে আনুমানিক ১৩ কিলোমিটার ভেতরে রাখাইন রাজ্যের বলিবাজার এলাকায় বিস্ফোরণের ঝলক দেখা গেছে বলে স্থানীয়রা জানান। সেখানে আরাকান আর্মির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে বলেও জানা গেছে। বলিবাজারের বিপরীতেই বাংলাদেশের টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী ইউনিয়ন অবস্থিত।
এদিকে, মিয়ানমারে পাঁচ বছর পর ভোটগ্রহণ চলার মধ্যেই রাখাইন রাজ্যে নতুন করে এই গোলাগুলির ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ওপারের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, হোয়াইক্যং বিওপি সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাংলাদেশের ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে নাফ নদী ও সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উখিয়ার রহমতের বিল গ্রামের ব্যবসায়ী বোরহান উদ্দিন বলেন, রাত ১১টার পর থেকেই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মানুষ ভয় পেয়ে যায়, কেউ কেউ ঘর থেকে বের হতেও সাহস পায়নি।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, পাথরকাটা ও চাকমা পাড়া সীমান্ত এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। একইভাবে টেকনাফের উলুবনিয়া, খারাংখালী, লম্বাবিল, তেচ্ছি ব্রিজ এবং উখিয়ার আঞ্জুমান পাড়া, নলবনিয়া, ধামনখালী এলাকাতেও রাতভর গোলাগুলির শব্দ ভেসে আসে।
স্থানীয়দের স্মরণ করিয়ে দিতে হচ্ছে, দীর্ঘ বিরতির পর গত ১৩ ডিসেম্বর রাতে রাখাইন রাজ্য থেকে গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। সে সময় কয়েকটি গুলি বাংলাদেশের সীমান্ত এলাকার ঘরবাড়ি, মাছের ঘের ও ধানখেতে এসে পড়ে। এরপর ১৭ ডিসেম্বর রাতেও ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সীমান্তের একাধিক সূত্র জানায়, সম্প্রতি রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে নতুন করে অভিযান জোরদার করেছে মিয়ানমারের সরকারি বাহিনী। একই সঙ্গে আরাকান আর্মির সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িয়েছে কয়েকটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরআরএসও) ও রোহিঙ্গা নবী হোসেন বাহিনী। এই জটিল পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তের মানুষের জীবনযাত্রায়, বাড়ছে আতঙ্ক আর অনিশ্চয়তা।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







