বাংলাদেশ


চর দখলকে ঘিরে হাতিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ৫


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার

চর দখলকে ঘিরে হাতিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন মেঘনা নদীতে জেগে ওঠা জাগলার চরে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের নাম আলাউদ্দিন। তাকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের মরদেহ সন্ধ্যা পর্যন্ত জাগলার চরেই পড়ে ছিল। দুর্গম চর এলাকা হওয়ায় মরদেহ উদ্ধার কার্যক্রমে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লাশ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার মেঘনা নদীতে জেগে ওঠা জাগলার চরের খাসজমির দখল নিয়ে স্থানীয় কোপা সামছু ওরফে সামছুদ্দিন গ্রুপ এবং আলাউদ্দিন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে। সর্বশেষ মঙ্গলবার সকালে চরের খাসজমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন হতাহত হন।

 

পুলিশ জানিয়েছে, বিকেল পর্যন্ত পাওয়া তথ্যে উভয় পক্ষের দুই বাহিনীর প্রধানসহ পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে স্থানীয় একটি সূত্র নিহতের সংখ্যা ছয় বলে দাবি করেছে।

 

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথ হওয়ায় সকালে সংঘর্ষের ঘটনা ঘটলেও তা দুপুরের পর জানাজানি হয়। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে হাতিয়া থানার পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, জাগলার চরের জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনও পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


সম্পর্কিত

নোয়াখালীগোলাগুলি

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

পত্রিকা: ‘মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ’

ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলোতে গুরুত্ব পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক আলোচনা, জ্বালানি সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ, শ্রমিকদের বেতন–বোনাস পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো

ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশ ঘিরে সংঘর্ষ, আহত ৩

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তারাবিহ নামাজে বের হয়েছিল মাদ্রাসাছাত্র, বাঁশঝাড়ে মিলল রক্তাক্ত লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।