বাংলাদেশ


আবেগঘন পোস্টে দেশ, পরিবার ও প্রত্যাশার কথা বললেন জাইমা রহমান


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার

আবেগঘন পোস্টে দেশ, পরিবার ও প্রত্যাশার কথা বললেন জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর দেশে ফেরার আগে আবেগে ভরা একটি ব্যক্তিগত অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। আগামী বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বাবার সঙ্গে দেশে ফেরার প্রাক্কালে তিনি তার দাদি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশকে ঘিরে নিজের অনুভূতি, স্মৃতি ও দায়বদ্ধতার কথা প্রকাশ করেন।

 

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সঙ্গে শৈশবের একটি ছবি পোস্ট করেন জাইমা রহমান। সেই পোস্ট দ্রুতই বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজসহ দলটির অসংখ্য নেতাকর্মীর মাধ্যমে শেয়ার হতে থাকে।

 

পোস্টে জাইমা রহমান লিখেছেন,

তিনি জানেন তার পরিবারকে ঘিরে দেশের মানুষের কৌতূহল ও প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা কখনো আশার, কখনো প্রশ্নের জায়গা থেকে আসে। আর সেই প্রত্যাশা পূরণের দায়ভার পরিবার হিসেবে তারা গভীরভাবে অনুভব করেন।

 

দাদির সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি লেখেন,

তার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো বেগম খালেদা জিয়াকে একজন মমতাময়ী অভিভাবক হিসেবে পাওয়া। স্কুলজীবনে ফুটবল টুর্নামেন্টে মেডেল জয়ের পর দাদির অফিসে গিয়ে নিজের অর্জনের গল্প শোনানোর মুহূর্তটি আজও তার মনে গেঁথে আছে। তিনি অনুভব করেছিলেন, একজন দেশের প্রধানমন্ত্রী হয়েও দাদি কতটা মনোযোগ দিয়ে নাতনির কথা শুনছিলেন এবং কতটা গর্ব অনুভব করেছিলেন।

 

জাইমা রহমান বলেন,

লাখো মানুষের কাছে বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তার কাছে এবং পরিবারের কাছে তিনি ছিলেন স্রেফ ‘দাদু’ একজন আগলে রাখা অভিভাবক। সেই ছোট ছোট মুহূর্ত থেকেই তিনি নেতৃত্বের প্রথম পাঠ পেয়েছেন নম্রতা, আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা।

 

বিদেশে কাটানো দীর্ঘ সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সতেরো বছর প্রবাসে থাকলেও তিনি কখনো নিজের শিকড় ভুলে যাননি। লন্ডনের জীবন তাকে বাস্তববাদী করেছে, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, তবে তার হৃদয় সব সময় বাংলাদেশেই ছিল।

 

Related posts here

 

আইন পেশায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে জাইমা লেখেন, মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং ন্যায়বিচারের গুরুত্ব শিখেছেন। মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা যে শিক্ষা দেয়, তা কোনো পাঠ্যবই বা শ্রেণিকক্ষ দিতে পারে না।

 

পোস্টে তিনি উল্লেখ করেন, চব্বিশের গণ-অভ্যুত্থান এবং ৫ আগস্টের আগে-পরে সময়গুলোতে তিনি নেপথ্যে থেকে যতটুকু পেরেছেন, ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, অনেক সময় কম কথা বলে বেশি শুনেছেন এবং ছোট ছোট কাজে সহযোগিতা করার চেষ্টা করেছেন।

 

দেশে ফেরা প্রসঙ্গে জাইমা রহমান লেখেন, দেশে ফিরে দাদির পাশে থাকতে চান, বাবাকে সর্বাত্মক সহায়তা করতে চান এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য নিজের সর্বোচ্চ ভূমিকা রাখতে চান। মানুষের সঙ্গে সরাসরি কথা বলে, নিজের চোখে বাংলাদেশকে নতুন করে জানতে চান বলেও তিনি জানান।

 

পোস্টের শেষ অংশে তিনি বলেন, তার নিজের গল্প যেমন আছে, তেমনি প্রত্যেক মানুষেরই একটি করে গল্প আছে। সেই গল্পগুলোকে ধারণ করেই সবাই মিলে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

জাইমা রহমানের এই আবেগঘন পোস্ট দেশে ফেরার আগেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


সম্পর্কিত

বিএনপিজাইমা রহমানতারেক রহমান

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।