বাংলাদেশ
নদী রক্ষার নামে নদী হত্যা: দুধকুমার নদী প্রকল্পে ১৫ কোটি টাকা নিয়ে ঠিকাদার পলাতক

নদী রক্ষার কথা বলে উল্টো নদীর বুকে ‘কবর’ খোঁড়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের দুধকুমার নদী ব্যবস্থাপনা প্রকল্পে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বলদী পাড়া এলাকায় প্রায় ১৫ কোটি টাকার একটি প্রকল্প এখন স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে ‘নদী হত্যার প্রকল্প’ নামে। সরেজমিনে দেখা গেছে, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বদলে মাঝ বরাবর বালুভর্তি জিও ব্যাগ ফেলে নদীর তলদেশ উঁচু করে দেওয়া হয়েছে, যার ফলে স্রোত কার্যত বন্ধ হয়ে নদীটি মৃতপ্রায় জলাভূমিতে পরিণত হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), কুড়িগ্রাম এই প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পটির আওতায় দুধকুমার নদীর ডান তীরের ৫০০ মিটার অংশে নদীশাসনের কাজ করার কথা ছিল।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, কুড়িগ্রাম সদর উপজেলার দুধকুমার নদীর ডান তীর ৪২৮২০ থেকে ৪৩৩২০ কিলোমিটার এলাকায় কাজটি বাস্তবায়নের জন্য চুক্তি মূল্য নির্ধারণ করা হয় ১৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৬৯ টাকা। টেন্ডার আইডি ৭৪৪৪০২৫, প্যাকেজ কুড়ি দুধকুমার ডাবলু–৪৮। কাজের সময়কাল ধরা হয় জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৫। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পায় আর ইউ এস এইচ জেভি, যার প্রতিনিধি মো. মোস্তাফিজার রহমান সাজু।
স্থানীয়দের অভিযোগ,
নদী খননের বদলে নদীর মাঝখানে লক্ষাধিক জিও ব্যাগ ফেলে ভরাট করা হয়েছে। এতে নদীর স্বাভাবিক গভীরতা নষ্ট হয়ে পানির চলাচলের পথ রুদ্ধ হয়েছে। বলদী পাড়ার বাসিন্দা শাজাহান আলী বলেন, নদীর পেট কেটে বাঁচানোর বদলে নদীর পেটে বালুভর্তি জিও ব্যাগ ঢুকিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এখন এই নদী শুধু নামেই নদী।
সরেজমিনে দেখা গেছে, জিও ব্যাগের স্তূপে নদীর বিভিন্ন স্থানে চর তৈরি হয়েছে। বর্ষায় যেখানে প্রবল স্রোত থাকার কথা, সেখানে এখন পানির অস্তিত্বই নেই। জেলে অমলেশ চন্দ্র বলেন, নদী শুকিয়ে গেছে, মাছ নেই, স্রোত নেই। আমাদের জীবিকাই শেষ হয়ে গেছে।
এলাকাবাসীর দাবি, প্রকল্পের ঠিকাদার মো. মোস্তাফিজার রহমান সাজু বর্তমানে পলাতক এবং একাধিক মামলার আসামি। তার অনুপস্থিতিতেই নদীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে জিও ব্যাগ ফেলে কাজ শেষ দেখানো হয়েছে। এতে প্রশ্ন উঠেছে, ঠিকাদার পলাতক থাকলেও কীভাবে বিল পরিশোধ হলো এবং কার অনুমতিতে কাজ সমাপ্ত ঘোষণা করা হলো।
প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ের দায়িত্বে ছিলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের ও মো. শরিফুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, কার্যকর তদারকির অভাবে ঠিকাদার ইচ্ছামতো কাজ করেছেন এবং অনিয়মের অভিযোগ বারবার উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, ডিজাইন অনুযায়ী ও নিয়ম মেনেই কাজ সম্পন্ন করা হয়েছে।
তবে বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ের পর নদীর প্রবাহ বন্ধ, মাছের প্রজনন ধ্বংস এবং জেলে ও মাঝিদের জীবন জীবিকা সংকটে পড়েছে। যাত্রাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ময়েন উদ্দিন ভোলা বলেন, এই প্রকল্প তদন্ত হলে শুধু ঠিকাদার নয়, আরও অনেকের মুখোশ খুলে যাবে।
এলাকাবাসী ও সচেতন মহল দাবি জানিয়েছে, প্রকল্পটি নিয়ে দুদকের মাধ্যমে স্বাধীন তদন্ত, নদীর মাঝখান থেকে সব জিও ব্যাগ অপসারণ, দুধকুমার নদীর বৈজ্ঞানিক খনন ও প্রবাহ পুনরুদ্ধার এবং অনিয়মে জড়িত কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী বলেন, জেলায় নদীশাসনের নামে শত শত কোটি টাকার প্রকল্প চলছে, কিন্তু অনেক ক্ষেত্রেই মূল ঠিকাদার কাগজে থাকলেও মাঠে দালালদের মাধ্যমে কাজ হচ্ছে। বলদী পাড়ার প্রকল্পটি নিয়েও অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দুদকের মাধ্যমে তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে আহ্বান জানানো হবে।
দুধকুমার নদীর বর্তমান অবস্থা স্থানীয়দের চোখে কেবল একটি নদীর মৃত্যু নয়, বরং দুর্নীতি ও ভুল উন্নয়ন দর্শনের এক নির্মম প্রতিচ্ছবি।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







