বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জাতিসংঘের অধীনে দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শত্রুপক্ষের ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) নিজ গ্রাম উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে শেষ বিদায় জানানো হয়।
এর আগে রোববার দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শহীদ মমিনুল ইসলামসহ কুড়িগ্রামের দুই সেনা সদস্যের মরদেহ উলিপুর হেলিপ্যাডে আনা হয়। সেখানে সেনাবাহিনী ও জেলা-উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
হেলিপ্যাডে মরদেহ গ্রহণকালে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইবনে সাদিক সিদ্দিক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকায় শোকের আবহ নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এলাকাবাসী জানান, শহীদ মমিনুল ইসলাম ছিলেন অত্যন্ত বিনয়ী, সৎ ও দায়িত্বশীল একজন সেনাসদস্য। দেশের সম্মান রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।
শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনিক কর্মকর্তারা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে যে দায়িত্ব পালন করছেন, তা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সাম্প্রতিক এক ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য শহীদ হন। তাদের মধ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলার মমিনুল ইসলাম এবং রাজারহাট উপজেলার শান্ত মণ্ডলও ছিলেন।
মৃত্যুকালে শহীদ মমিনুল ইসলামের বয়স ছিল ৩৫ বছর ৬ মাস। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার অকাল প্রয়াণে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







