বাংলাদেশ
ইইউবিতে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস গঠন, বিওটি ভেঙে দেওয়ার প্রচারণা গুজব: কর্তৃপক্ষ

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, একাডেমিক পরিবেশ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৫(৭) অনুযায়ী একটি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস গঠন করেছেন মহামান্য রাষ্ট্রপতি ও উপাচার্য । একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) ভেঙে দেওয়া হয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. নেছার উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তিন মাসের মধ্যে অন্তত একটি সভা করবে এবং এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে জমা দেবে। পরে ইউজিসির মাধ্যমে তা মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের কাছে উপস্থাপন করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করা সম্ভব না হলে রাষ্ট্রপতি সর্বোচ্চ আরও ছয় মাস সময় বৃদ্ধি করতে পারবেন। এছাড়া বোর্ডের প্রতিবেদন ও সুপারিশ অনুমোদনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।
নবগঠিত বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চের সাবেক ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনজুরুল আলম এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) বিলুপ্ত করা হয়েছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, সরকারি প্রজ্ঞাপনের কোথাও বিওটি ভেঙে দেওয়া বা বিলুপ্ত করার কোনো নির্দেশনা নেই। বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করা এবং তা ইউজিসির মাধ্যমে রাষ্ট্রপতি ও আচার্যের কাছে উপস্থাপন করা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের নামের পাশে বিদ্যমান তিন তারকা (***) চিহ্ন অপসারণ এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যেই রাষ্ট্রপতির এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজের কার্যক্রম বন্ধ করা হয়নি; বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস গঠন করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে সরকারি প্রজ্ঞাপনের তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা মনে করেন, সরকারের এই পদক্ষেপ প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনবে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আরও স্থিতিশীল, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীলভাবে এগিয়ে যাবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







